২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ হাওলাদারকে দেখতে হাসপাতালে এরশাদ

হাসপাতালে গিয়ে দলের সভাপতিমণ্ডলির সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 05:04 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

সদ্য বিদায়ী মহাসচিবকে দেখতে শুক্রবার বেলা ১১টার দিকে এরশাদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান বলে জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দলীয় চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের শয্যার পাশে বেশ কিছুক্ষণ সময় কাটান। এ সময় চিকৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।

 

বুকে ও পেটে ব্যথা অনুভব করায় বুধবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সম্প্রতি দলের মহাসচিব পদ থেকে অব্যাহতি পাওয়া রুহুল আমিন হাওলাদার। হাসপাতালের চিকিৎসক ফাওয়াজের তত্ত্বাবধানে আছেন তিনি।

এর আগে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ দলের অন্য বেশ কয়েক নেতা রাতে হাওলাদারকে দেখতে হাসপাতালে যান।

২০০১ সাল থেকে গত ৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিব ছিলেন রুহুল আমিন হাওলাদার।

সম্প্রতি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখার ঘোষণা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর গত ১০ এপ্রিল হাওলাদারকে সরিয়ে দলের অপর প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদকে মহাসচিব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।