২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জমি চান বিজেপি নেতা

প্রায় ৫ কোটি অবৈধ বাংলাদেশির ভার ভারত বহন করছে দাবি করে এর ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের জমি চেয়েছেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2014, 10:45 PM

Updated : 01 Sep 2026, 12:48 PM

ভারতে লোকসভা নির্বাচন চলার মধ্যে শুক্রবার আসামের রাজধানী গুয়াহাটিতে এক সভায় একথা বলেন তিনি।

তার এই বক্তব্যের সমালোচনা করে প্রদেশ কংগ্রেসের নেতা ভাগিরাত কারান বলেছেন, ভোট পেতে বিভক্তি ছড়ানোর প্রয়াস চালাচ্ছেন বিজেপি নেতা।

রাষ্ট্রীয় জনতা দলের এক সময়ের প্রধান সুব্রামনিয়াম ২০১৩ সালে সদলবলে বিজেপিতে যোগ দেন। বিজেপি নেতারা ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে উচ্চকণ্ঠ।

বিজেপি নেতা এল কে আদবানি থেকে শুরু করে এবারের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি পর্যন্ত অনেক নেতাই বিভিন্ন সময় ‘বাংলাদেশি খেদাও’য়ের ডাক দিয়ে আসছেন।

সুব্রামনিয়াম বলেন, “বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়ে আমি ভীষণ হতাশ। আমার হিসেবে বাংলাদেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশ ভারতে বসবাস করে।

“যদি বাংলাদেশ তার নাগরিকদের ফিরিয়ে না নেয়, তাহলে ভারতকে জমি দিয়ে দেশটির ক্ষতিপূরণ দেয়া উচিত।”

আসামে বসবাসকারী বাঙালিদের দিকে ইঙ্গিত করে একথা বলেন সুব্রামনিয়াম। এর আগে ২০১২ সালের বাঙ্গালি-অহমি দাঙ্গার পরপরই বাংলাদেশের ব্যাপারে এমন মন্তব্য করেছিলেন তিনি।

বিজেপি নেতার বক্তব্যের বিষয়ে আসাম প্রদেশ কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ভাগিরাত কারান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুব্রামনিয়ান এ সংখ্যাটি অত্যধিক বাড়িয়ে বলেছেন।

“মনে হচ্ছে, আসামে বসবাসকারী সব বাংলাভাষীকেই তিনি বাংলাদেশি হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন। প্রতিবারই বিজেপি নির্বাচনের আগে একটি নির্দিষ্ট ভোট পাওয়ার জন্য এ বিষয়টি সামনে নিয়ে এসে বিভক্তি সৃষ্টির চেষ্টা চালায়।”

সুব্রামনিয়াম অবশ্য বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশের ক্ষতিপূরণ হিসেবে জমি চাওয়ার বিষয়টি একান্তই তার ব্যক্তিগত মত, এটা বিজেপির নয়।

রাজনীতিবিদ মহলে কট্টর ‘হিন্দুত্ববাদী’ নেতা হিসেবে পরিচিত সুব্রামানিয়ান বাংলাদেশ থেকে ভারতে মুসলিমদের ‘অনুপ্রবেশ’ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

“আমাদেরকে অত্যন্ত সাবধান হতে হবে। নতুবা আমাদের অসাম্প্রদায়িকতা হুমকির মুখে পড়বে।”

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতে দুটি প্রধান জাতীয় রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপির লড়াই এখন জমজমাট।

কংগ্রেসের সমালোচনা করে বিজেপি নেতা বলেন, “দলটি দীর্ঘদিন ধরে মুসলিমদের ঐক্যবদ্ধ করার ব্যাপারে কাজ করছে। আর হিন্দুদের ভেতর বর্ণবৈষম্য উস্কে দিয়ে বিভেদ তৈরি করছে।”

মুসলিমদের মধ্যে শিয়া, আহমদিয়া, বোহরা এবং সুফি মতালম্বীরা বিজেপির পক্ষে আসছেন বলেও দাবি করেন সুব্রামনিয়াম।

তবে বিজেপি নেতা এবং একইসঙ্গে অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এআইডিএফ) নেতা শেরমান আলি আহমেদ তার দল ও সুব্রামনিয়ামের মন্তব্যের জন্য ইতোমধ্যেই ক্ষমা চেয়েছেন।

“এটি একটি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। আসামে বাংলাদেশিদের অবস্থানের ব্যাপারে তার যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সে সরকারকে জানাতে পারে অথবা আইন প্রয়োগকারী সংস্থাকেও জানাতে পারতেন। এরকম ভিত্তিহীন কথা বলার কোনো মানে হয় না।”

বিদেশি ব্যাংক থেকে ভারত থেকে পাচার কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে সুব্রামনিয়াম বলেন, নরেন্দ্র মোদির অর্থনীতি গতি ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রয়েছে।

সুব্রামানিয়াম একজন অর্থনীতিবিদও। যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি এ বিষয়ে অধ্যাপনাও করেছেন। এছাড়া পাঁচবার রাজ্যসভায় নির্বাচিত এ বিজেপি নেতা ভারতের বাণিজ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।