কারখানার মানোন্নয়নে আরো শুল্কছাড় চায় বিজিএমইএ
রানা প্লাজা ধসের পর বিদেশি ক্রেতাদের অসন্তোষের মুখে পোশাক কারখানাগুলোকে পরিবেশবান্ধব করতে যে সব সামগ্রী প্রয়োজন, তাতে শুল্কছাড় চেয়েছে বিজিএমইএ।
রানা প্লাজা ধসের বছর পূর্তিতে সংগঠনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সরকারের কাছে এই সুবিধা প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রানা প্লাজা ধসের এক বছরপূর্তির দিন দেশের সব কারখানায় দোয়া মাহফিল এবং স্মরণসভা হবে। বিজিএমইএ ভবন থেকে সকাল ১১টায় বের হবে শোক শোভাযাত্রা।
গত বছরের ২৪ এপ্রিল ধসে পড়েছিল সাভারের বহুতল ভবন রানা প্লাজা, যাতে চারটি তৈরি পোশাক কারখানা ছিল।
দেশের ইতিহাসে ভয়াবহতম এই ভবনে ধসে অন্তত ১১৩৫ জন নিহত হন। আহত হন বহু শ্রমিক, সন্ধান পাওয়া যায়নি শতাধিক মানুষের।
আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির পর রানা প্লাজা ধসে সহস্রাধিকের মৃত্যুর পর ক্রেতারা বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে।
তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আড়াই হাজার তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নতিতে কাজ চলছে, যাতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতা দিচ্ছে।
বিজিএমইএ সভাপতি আতিকুল এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা স্বীকার করে এক্ষেত্রে আরো সহায়তা প্রত্যাশা করেন।
“ইতোমধ্যে সরকার কারখানাগুলোতে অগ্নিনির্বাপন সরঞ্জামের জন্য শুল্ক ৬২ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে। একইভাবে কারাখানার মনোন্নয়ন এবং পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে ব্যবহার্য সামগ্রীর শুল্কমুক্ত সুবিধা প্রদানের দাবি জানাচ্ছি।”
বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর মানোন্নয়নের জন্য সরকার এবং বিদেশি ক্রেতাদের এগিয়ে আসার আহ্বান জানান আতিকুল।
রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারগুলোর সহায়তায় বিজিএমইএ-এর বিভিন্ন কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, “এখন পর্যন্ত বিজিএমইএ নিজস্ব অর্থায়নে ক্ষতিপূরণ বাবদ খরচ করেছে ১৪ কোটি ৫০ লাখ ৮ হাজার টাকা।”
এর পাশাপাশি প্রধানমন্ত্রীর তহবিল থেকে মোট ২২ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৭২০ টাকা খরচ হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে শ্রমসচিব মিকাইল শিপার, বিজিএমইএ-এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ সভাপতি রিয়াজ বিন মাহমুদ উপস্থিত ছিলেন।
