এ বি সিদ্দিকের সন্ধান দাবিতে তার কারখানার শ্রমিকদের বিক্ষোভ
পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এ বি সিদ্দিকের সন্ধান দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ-মানববন্ধন করেছে হামিদ ফ্যাশনসের শ্রমিকরা।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কারখানা হামিদ ফ্যাশনস পরিচালনার দায়িত্ব কয়েক মাস আগে নিয়েছিলেন তার স্কুলজীবনের বন্ধু এ বি সিদ্দিক।
নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে বুধবার দুপুরের পর ফতুল্লার ভুইগড় এলাকায় এ বি সিদ্দিককে তুলে নেয়া হয়। রিজওয়ানার সন্দেহ, তার পেশাগত কাজে ক্ষিপ্ত হয়ে কেউ তার স্বামীকে অপহরণ করেছে।
নির্বাহী পরিচালক এ বি সিদ্দিকের সন্ধান দাবিতে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে হামিদ ফ্যাশনসের শ্রমিকরা।
তার শ্রমিকরা ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় কারখানার সামনে বিক্ষোভ করে। এরপর তারা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসে।
প্রেসক্লাবে মানবন্ধনের পর শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। ২৪ ঘণ্টার মধ্যে এ বি সিদ্দিককে উদ্ধার করা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন শ্রমিকরা।
স্বামী অপহরণের ঘটনায় রিজওয়ানা মামলা করেছেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, তারা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে বুধবার ২টা ৫৩ মিনিটে নীল রঙের একটি হাইয়েস গাড়ি অতিক্রমের তথ্য পেয়েছেন তারা। তবে গাড়ির নম্বরটি ভুয়া বলে বিআরটিএ জানিয়েছে।
এ বি সিদ্দিককে তুলে নেয়ার সময় সঙ্গে তার গাড়িচালক রিপন মিয়া ছিলেন। রিপন জানান, তার মালিককে নিয়ে নীল রঙের মাইক্রোবাসটি ঢাকার দিকে রওনা হয়েছিল।
পুলিশ সুপার জানান, অপহৃতকে উদ্ধারে ডিবি পুলিশসহ থানা পুলিশের একাধিক দল কাজ করছে।
এই ঘটনায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমানকে প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহীদুল ইসলামকে সদস্য সচিব করে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বেলার নির্বাহী পরিচালক রিজওয়ানার স্বামী এ বি সিদ্দিককে উদ্ধারের দাবিতে পরিবেশবাদী সংগঠনগুলো, আইনজীবীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
শিগগিরই এ বি সিদ্দিককে উদ্ধারের আশা করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এবি সিদ্দিকের অপহরণে ব্যবহৃত গাড়ি চিহ্নিত
এবি সিদ্দিককে শিগগির উদ্ধারের আশা মন্ত্রীর
রিজওয়ানার দাবি, স্বামীকে অপহরণ তার কারণেই
