২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের চিকিৎসা বন্ধ করার হুমকি স্বাস্থ্যমন্ত্রীর

বারডেমে চিকিৎসকদের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে পুলিশ বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2014, 05:18 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

বারডেমে বুধবারও ধর্মঘটী চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে হামলার শিকার তাদের সহকর্মীদের পোশাক সাংবাদিকদের দেখান। বারডেমে বুধবারও ধর্মঘটী চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে হামলার শিকার তাদের সহকর্মীদের পোশাক সাংবাদিকদের দেখান।

অনড় চিকিৎসকরা, বারডেমে দুর্ভোগ

দায়ী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবিতে বারডেমের চিকিৎসকদের ধর্মঘটের মধ্যে বুধবার ঢাকায় এক আলোচনা সভায় এই হুমকি দেন স্বাস্থ্যমন্ত্রী।

সেগুন বাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে ওই সভায় তিনি বলেন, “আমি বারডেম হয়ে এসেছি। সেখানে দেখলাম চিকিৎসকরা ধর্মঘট করছেন। দুই দিন আগে এক পুলিশ কর্মকর্তার আত্মীয়-স্বজনরা ডাক্তারদের ওপর হামলা করায় তারা ধর্মঘটে গেছেন।

“স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ করে বলছি- অবিলম্বে ওই এসিকে প্রত্যাহার করুন। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। তা না হলে সারাদেশে পুলিশ হাসপাতালসহ পুলিশের জন্য যে সব সরকারি স্বাস্থ্য সেবা রয়েছে, সব বন্ধ করে দেয়া হবে, আমি বলে দিলাম।”

ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল বারডেমে চিকিৎসকদের ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে রোগীদের দুর্ভোগ চলছে। হামলার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেনকে দায়ী করে তার শাস্তি দাবি করছেন তারা।

বিষয়টি নিয়ে চিকিৎসক নেতারা মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে টেলিফোন করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছিলেন। এর একদিন পর আরো কড়া ভাষায় কথা বললেন।

পুলিশকে উদ্দেশ্য করে নাসিম বলেন, “আপনাদের দায়িত্ব জনগণের সেবা করা, ডাক্তারদেরও তাই। আপনাদের কোনো অভিযোগ থাকলে তা আমাদের জানাতে পারতেন, আমরা অভিযোগ খতিয়ে দেখে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতাম- ডাক্তারদের পেটালেন কেন?”

গত রোববার রাত ৮টার দিকে বারডেম হাসপাতালে পুরান ঢাকার এক রোগীর মৃত্যু হয়। চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে দাবি করে রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালানোর পাশাপাশি লাঞ্ছিত করে তিনি চিকিৎসককে।