কর্মবিরতিতে বারডেম চিকিৎসকরা
সহকর্মীকে লাঞ্ছনার প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতি শুরু করেছেন রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসকরা।
ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষায়িত এই হাসপাতালের চিকিৎকরা বলেছেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
সমস্যা সমাধানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে বারডেমের রোগীদের। সেকথা ভেবে জরুরি বিভাগ এবং সিসিইউ ও আইসিইউতে চিকিৎসা সেবা দেয়া হবে বলে চিকিৎকরা জানিয়েছেন।
লাঞ্ছনাকারীদের বিচার চেয়ে সকালে হাসপাতালের সামনে শাহবাগে সড়কে মানববন্ধনও করেছেন চিকিৎসকরা।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসকরা সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত রাস্তা ‘দখল’ করে রাখায় ওই সময় শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে গত রোববার রাতে চিকিৎসক লাঞ্ছনার ঘটনা ঘটলেও সোমবার পহেলা বৈশাখ ছিল বলে কোনো কর্মসূচি পালন করেননি বলে তারা জানান।
চিকিৎসকরা জানান, রোগীর মৃত্যুর পর ১৪ তলায় ব্যাপক ভাঙচুর চালায় তার স্বজনরা। এ সময় একজন নারী চিকিৎসককে মারধর করা হয়। তাকে রক্ষা করতে এসে আরো দুইজন মারধরের শিকার হন।
চিকিৎসকরা ভাংচুর ও চিকিৎসক লাঞ্ছিত করার ঘটনায় ‘এএসপি মাসুদ’ নামে এক ব্যক্তিকে দায়ী করে শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিলও করেন।
হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, “হামলাকারী পুলিশ ও রোগীর স্বজনদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব।”
এদিকে বারডেমের পরিচালনা পর্ষদ বুধবার সকাল ১০টায় চিকিৎসকদের বৈঠকে ডেকেছে। ওই বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে ডা. আনোয়ারুল জানিয়েছেন।
বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার বলেন, “আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। আশা করছি, কালকের বৈঠকে বিষয়টি সমাধান করা যাবে।”
যে সব রোগী ভর্তি আছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি করা না হলেও পুরনো রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
একাধিক রোগীর স্বজনরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, তাদের জোর করে হাসপাতালের ছাড়পত্র ধরিয়ে দেয়া হচ্ছে।
দিনাজপুরের সেকান্দর আলীর স্বজন ইকবাল বলেন, “চিকিৎসা দেয়ার আগেই আমাদের জোর করে ছাড়পত্র দিয়ে দেয়া হয়েছে।”
বারডমের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী নাসিম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে টেলিফোন করেছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় বিএমএ সভাপতি অধ্যাপক মাহামুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলানের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
