শেরপুরে মার্কেটে বোমা বিস্ফোরণ
শেরপুর শহরে একটি মোবাইল ফোন ও ঘড়ির দোকানে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার রাত পৌনে ৮টার দিকে কাকলী মার্কেটে বোমাটি বিস্ফোরিত হলে আশেপাশ এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ও সদর থানার ওসি মাজহারুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, ছোটখাট একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটা ব্যক্তিগত বা ব্যবসায়ী শত্রুতা কিংবা অন্য কোনো কারণে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।
ঘটনাস্থল থেকে পুলিশ বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায় বলেও তিনি জানান।
প্রত্যক্ষদর্শী ও দোকানের মালিক হাবিবুর রহমান জানান, রাত পৌনে ৮টার দিকে কাকলী মার্কেটের হাবিব ওয়াচ কোং নামে একটি মোবাইল ও ঘড়ির দোকানে একজন ক্রেতা ঘড়ি কেনার জন্য ওই দোকানের প্রবেশ করেন।
এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর দোকানটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ও চারদিকে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে।
বোমার স্প্লিন্টার, মার্বেল, ব্যাটারি ও খোলস চারদিকে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
বিস্ফোরণে ওই দোকানের ডেকেরেশনের গ্লাস, একটি পিলারের কিছু অংশ ভেঙে যায় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
