২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মঙ্গল শোভাযাত্রা জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও

নববর্ষকে বরণ করে নিতে প্রথমবারের মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), যাতে অংশ নিবেন পুরান ঢাকাবাসীও।

কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 12:41 AM

Updated : 01 Sep 2026, 12:47 PM

প্রথমবারের মত বড় আয়োজন করতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগের উদ্যোগে চলছে পুরোদমে প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও কাঁঠালতলায় পড়েছে সাজসাজ রব।

এবছরই বিশ্ববিদ্যালয়ে প্রথববারের চালু হয়েছে এ বিভাগ দুইটি।

নানা ধরনের মুখোশ তৈরি এবং শোভাযাত্রার জন্য মাছ, ময়ূর, বাঘ,  বক,  দোয়েল-কোয়েলসহ বাঙ্গালির নানা ঐতিহ্য তুলে ধরার জন্য চৈত্রের শেষ কটাদিন তীব্র রোদ ও গরম উপেক্ষা করে চারুকলার শিক্ষার্থীরা নিরলস খেটেছেন।

জবি চারুকলার প্রথম ব্যাচের শিক্ষার্থী শুভদ্র দেবনাথ বিডিনিউজকে বলেন, “আমরা গর্বিত যে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে ব্যাপক পরিসরে নববর্ষ উদযাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

“আয়োজনে চারুকলা বিভাগ এতে মুখ্য ভুমিকা রাখছে। নানা চিত্রাঙ্গণের মাধ্যমে বাঙ্গালির ঐতিহ্য ফুটিয়ে তুলে আমরা এর অংশীদার হচ্ছি।”

পহেলা বৈশাখকে সামনে রেখে জবি’র নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরাও সপ্তাহব্যাপী নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও  শিক্ষার্থীদের বাছাই করার দায়িত্বটিও পালন করেছে এ বিভাগ।

নববর্ষের দিন সকালে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গান পরিবেশন করবেন এ বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও দুপুর থেকে পালা গান ও নাটকেও অংশ নিবেন তারা।

নাট্যকলা ও সঙ্গীত বিভাগের প্রভাষক অনিমা রায় বলেন, “বাঙ্গালির নিজস্ব গানগুলো তুলে ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি। পুরো আয়োজন সফল করতে যারা পরিশ্রম করছে, যারা উৎসব দেখতে আসবেন তাদেরকে আমরা গানের মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করব।”

নববর্ষ উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন,  “আমাদের পরিকল্পনা ছিল যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার সাংস্কৃতিক নেতৃত্ব দেয়। এক্ষেত্রে পহেলা বৈশাখ উদযাপন ব্যাপক গুরুত্ব রাখে।

“এবার বিশ্ববিদ্যালয়ে চারুকলা এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগ চালু হওয়ায় ব্যাপক পরিসরে উৎসবটি আমরা আয়োজন করতে পারছি। আশা করছি আগামীতে আরো ভালভাবে সাংস্কৃতিক অনুষ্ঠাগুলো উদযাপন করতে পারব।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পুরান ঢাকার নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, পাটুয়াটুলী, ইসলামপুর ব্রীজ, নয়াবাজার, তাঁতীবাজার, রায়সাহেব বাজার, কোর্ট বিল্ডিং ও বাহাদুর শাহ পার্ক ঘুরে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এসে শেষ হবে।

পুরানো ঢাকার ঐতিহ্য তুলে ধরতে পুরান ঢাকার ব্যবসায়ী সংগঠনসহ ৪০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নিবে।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাঠালতলায় নাট্যকলা ও সঙ্গীত বিভাগ, ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতি, সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।

দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত পালা গান, বাউল সঙ্গীত, বিতর্ক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

পালা গান পরিবেশন করতে কিশোরগঞ্জের একটি বিখ্যাত পালা গানের দল এতে অংশ নিবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপাচার্য মীজানুর রহমান।

পুরো বিষয়টি দেখভাল করবে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটি।

এছাড়া পিঠা-পুলি, নানা ধরনের কারুকার্য, ইলিশ-পান্তাসহ পুরান ঢাকার ঐতিহ্য তুলে ধরতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় স্টল বসানো হবে।

পাশাপাশি সাপের খেলার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এসব বিষয়ে পুরান ঢাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করতে তৎকালীন জগন্নাথ কলেজের সাবেক ভিপি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর শিকদার লোটনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও ছাত্র নেতাদের নিয়ে একটি নিরাপত্তা উপ-কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পুরো এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।