মন্ত্রী না থাকলে ফাইল যাবে প্রধানমন্ত্রীর কাছে
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের অনুপস্থিতির কারণে আটকে থাকা ফাইলগুলো এখন থেকে প্রধানমন্ত্রী দেখবেন।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজে গতি আনতে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এবিষয়ে পরিপত্র জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগের কাজে গতিশীলতা আনতে ও দক্ষতার সঙ্গে কার্যাদি নিষ্পন্ন করার স্বার্থে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর অনুপস্থিতিতে তার পর্যায়ে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে হবে।
দেশের বাইরে অবস্থান ও অসুস্থতাসহ বিভিন্ন কারণে মন্ত্রীরা অফিস না করলে ফাইল আটকে থাকে। আবার অনেক মন্ত্রী সচিবালয়ে নিয়মিত অফিসও করেন না। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঝুলে যায়।
পরিপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ও সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের একান্ত সচিবদের কাছে বিতরণ করা হয়েছে।
