২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক অতনু তিনবার গ্রেপ্তার

দশ দিনের মধ্যে তৃতীয়বার গ্রেপ্তার হলেন ভারতের ক্রিকেট জুয়াড়ি হিসেবে পরিচিত অতনু দত্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 07:16 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

রোববার সকালে ঢাকার মিরপুর থেকে তাকে পুলিশ তৃতীয়বারের মতো গ্রেপ্তার করে।

এর আগে গত ৩ এপ্রিল বেনাপোলে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার তিন দিনের মাথায় অতনুকে ঢাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল র‌্যাব।

ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার ‘দিনেশ পল্লী মিউনিসিপাল পার্ক’ এলাকার মনিন্দ্র দত্তের ছেলে অতনু গত ১৫ মার্চ ভারতীয় পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ঢোকেন।

তার ভিসার মেয়াদ শেষ হয় ৩১ মার্চ। এর পরও বাংলাদেশে তিনি অবৈধভাবে অবস্থান করছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান।

গত ৬ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিন গ্রেপ্তারের পর অতনুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছিল র‌্যাব। কিন্তু তাতে তিনি জামিনে বেরিয়ে আসেন।

এরপর রোববার তাকে মিরপুর ১০ নম্বর থেকে গ্রেপ্তার করা হয় বলে মিরপুর থানার ওসি মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “৫৪ ধারায় (সন্দেহজনক গতিবিধি) তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাল (সোমবার) তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে চাওয়া হবে।”

অতনুকে গত ৬ এপ্রিল গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে চেয়েছিল পুলিশ। কিন্তু তাতে আদালতের সায় মেলেনি।

অতনুকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ওসি বলেন, “ প্লিজ, আমার কাছে আর কোনো তথ্য নেই।”

তৃতীয় দফা গ্রেপ্তারের পর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে বাংলাদেশে আসা অতনু শুরু থেকেই র‌্যাব- পুলিশের পাশাপাশি একটি গোয়েন্দা সংস্থার নজরদারির মধ্যে ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “অতনুর মোবাইল ট্র্যাক করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।”

গত ৩ এপ্রিল বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে পুলিশ অতনুকে প্রথম গ্রেপ্তার করে, যে খবর সংবাদ মাধ্যমেও আসে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মনিরুজ্জামান সেদিন বলেছিলেন, গ্রেপ্তারের পর র‌্যাবের উপস্থিতিতে একটি গোয়েন্দা সংস্থার লোকজন অতনুকে নিয়ে যায়।

এরপর এই ভারতীয়কে বাংলাদেশের কোনো আদালতে তোলা হয়নি। তিনদিন পর ৬ এপ্রিল র‌্যাব জানায়, অতনুকে তারা মিরপুর থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলাও করেছ।

পুলিশের কৃতিত্ব ‘ছিনতাই’ করল র‌্যাব

ভারতীয় ‘ক্রিকেট জুয়াড়ি’ বেনাপোলে আটক