চট্টগ্রামে বর্ষবরণের নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
চট্টগ্রাম নগরবাসীর বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান নির্বিঘœ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যেই বর্ষবরণ অনুষ্ঠান শেষ করতে আয়োজকদের প্রতি অনুরোধ জানিয়েছে নগর পুলিশ।
চট্টগ্রামে বর্ষবরণের বড় দুটি অনুষ্ঠান হবে ডিসি হিল পার্ক ও সিআরবির শিরিষ তলায়। ভোর থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরো নববর্ষ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
“ইতোমধ্যে সিআরবি ও ডিসি হিল পার্ক দুই স্থানেই মঞ্চ ও আশপাশের এলাকা তল্লাশি করা হয়েছে।”
অনুষ্ঠানস্থলের পাশাপাশি নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
নগর পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে, নগরীর ডিসি হিলে সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোর্শেদ।
তার সঙ্গে আরো দু’জন সহকারী কমিশনার, ছয়জন পরিদর্শক, চারজন উপ-পরিদর্শক দায়িত্ব পালন করবেন।
সাদা পোশাকের পুলিশের পাশাপশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে।
সিআরবি শিরিষ তলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ। তার অধীনে একজন সহকারী কমিশনার, দু’জন পরিদর্শকও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
পুলিশ কর্মকর্তা বনজ বলেন, “নিরাপত্তার কাজে নগর পুলিশের প্রায় ২২’শ পুলিশ নিয়োজিত থাকবে। পাশাপাশি নিরাপত্তা গেইট ও বোম্ব ডিরেক্টর থাকবে।”
এদিকে পুলিশের পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
র্যাব-৭ এর স্টাফ অফিসার ও সহকারী পুলিশ সুপার মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তায় র্যাবের প্রায় ৩০০ সদস্য মাঠে থাকবে।
পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানান তিনি।
র্যাব কর্মকর্তা মফিজুল বলেন, উৎসবস্থলের পাশাপাশি নগরীর বিনোদনের স্থানগুলোতেও র্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
