নানা আয়োজনে যুক্তরাষ্ট্রে বৈশাখ বরণের প্রস্তুতি
পুরোপুরি বাঙালিয়ানায় বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে এখন সাজ সাজ রব। বর্ষবরণের আয়োজনে পান্তা-ইলিশের ব্যাপক আয়োজন চলছে।
এ উপলক্ষে সবচেয়ে বেশি ধরনের বাঙালি খাবারের সমাগম ঘটানোর পরিকল্পনা নিয়েছে নিউ ইয়র্কের উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস।
উদীচীর সভাপতি সুব্রত বিশ্বাস জানান, জ্যাকসন হাইটসে আইএস ২৩০ মিলনায়তনে বৈশাখের প্রথম দিন বেলা ১২টায় অনুষ্ঠান শুরু হবে বাঙালি ঐতিহ্যে পরিপূর্ণ বহুরকমের পিঠা পরিবেশনের মধ্য দিয়ে। এরপর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরাহ্নে থাকবে ৩০/৩২ রকমের ভর্তা-তরকারি সহযোগে মধ্যাহ্নভোজ।
এছাড়া বিশেষ সঙ্গীতানুষ্ঠান, যাদু প্রদর্শন, নৃত্যানুষ্ঠান, বৈশাখী কড়চা থাকবে।
নিউ ইয়র্কে বৈশাখ বরণ অনুষ্ঠানের পথিকৃত ‘ড্রামা সার্কেল’র এবারের অনুষ্ঠান হবে লং আইল্যান্ড সিটিতে এনটিভি মিলনায়তনে।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনেও বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি চলছে। বঙ্গবন্ধু মিলনায়তনের এ কর্মসূচিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের থাকার কথা রয়েছে।
জ্যাকসন হাইটসে সুর-ছন্দ স্কুলে বৈশাখ বরণের অনুষ্ঠান হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। নানা রকমের খাবারের পাশাপাশি এখানেও থাকবে বৈশাখী গানের আসর।
জ্যামাইকার পিএস ১৩১ এর মিলনায়তনে (১৭২ স্ট্রিট এবং ৮৪ এভিনিউ) সকাল ১১টা থেকে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান । চলবে রাত ১১টা পর্যন্ত।
এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে ১২ ছাত্রকে সম্মাননা দেয়া হবে। স্টেট সিনেটর বিল পারকিন্স প্রধান অতিথি থাকবেন এ অনুষ্ঠানে।
এছাড়া নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ম্যাসাচুসেট্স, কানেটিকাট, ওহাইয়ো, মিনেসোটা প্রভৃতি অঙ্গরাজ্যেও প্রবাসীরা নানা আয়োজনে বরণ করে নেবেন নতুন বাংলা বছরকে।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন গ্রোসারি ও সুপার মার্কেটে ইলিশ, চাল এবং তেলে মূল্যহ্রাস চলছে।
৭/৮ ডলারের প্রতি পাউন্ড ইলিশ বিক্রি হচ্ছে মাত্র ৪ ডলারে। কোথাও কোথাও চাল এবং তেলের দামে ৫০ শতাংশ ছাড়ও দেয়া হচ্ছে।
