২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অস্ত্রধারী ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিল জনতা

রাজধানীর মগবাজার মোড়ে পূবালী ব্যাংকের সামনে থেকে ছিনতাইকারী সন্দেহে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 03:41 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

আটক মাসুদ পারভেজের কাছে একটি অস্ত্র পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

মাসুদ সাংবাদিকদের বলেছেন, তিনি রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পড়েন মালিবাগের আবু জর গিফারী কলেজে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূবালী ব্যাংকের সামনে এক ব্যক্তির পিছু নিয়েছিল মাসুদ। তা দেখে ওই ব্যক্তির সন্দেহ হলে তিনি আশপাশের মানুষের সহযোগিতায় মাসুদকে ধরে ফেলেন।

গণপিটুনির পর মাসুদকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুদকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

মাসুদের রাজনৈতিক পরিচয় জানতে এই পুলিশ কর্মকর্তা বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না।

ছাত্রলীগের রামপুরা থানা সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত।

মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরাধ প্রমাণিত হলে মাসুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

মাসুদ দাবি করেছেন,আটক পিস্তলটি তার বন্ধু সৌরভের।

ঢাকার মগবাজারে আটক ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ।

ঢাকার মগবাজারে আটক ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ।

ঢাকার মগবাজারে আটক ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ।

সৌরভ তার সঙ্গেই ছিলেন বলে মাসুদ জানান। মাসুদ ধরা পড়লে সৌরভ মোটর সাইকেলে করে দ্রুত পালিয়ে যান।

মাসুদ রমনা থানা হাজতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যার ব্যাগ ধরে তিনি টান দিয়েছিলেন, তার নাম বেলাল এবং গাড়ির যন্ত্রাংশের এই ব্যবসায়ী তার পূর্বপরিচিত।

পরিবারের অর্থ সঙ্কটের কারণে কিছুকাল বেলালের দোকানে কাজও করেছিলেন মাসুদ। ছাত্রলীগে পদ পাওয়ার পর ওই চাকরি ছেড়ে দেন তিনি।

বেলালের ওপর চড়াও হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর বেলাল এবং তার ব্যবসায়িক অংশীদার আজাদ তাকে একটি মোটর সাইকেল দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

“কিন্তু মোটর সাইকেল দিতে তারা গড়িমসি করায় ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটাতে যাই,” বলেন তিনি।