২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

সিরাজগঞ্জ শহরের একটি বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।  

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 03:06 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

সদর থানার এসআই বদিউজ্জামান জানান, রোববার সয়াধানগড়া পূর্বপাড়া মহল্লায় এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক।

নিহত শারমিন শায়লা বুবলী (২৮) একই মহল্লার মঞ্জু রহমানের মেয়ে।

স্বজনদের অভিযোগ, বুবলীর স্বামী মোর্শেদুর রহমান লিটনই তাকে খুন করে ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে পালিয়ে গেছে।

এসআই বদিউজ্জামান বলেন, “নিহতের গলা শাড়ির সঙ্গে পঁ্যাচানো অবস্থায় ছিল। মুখ, ঘাড় ও হাতে আঘাতের চিহৃ পাওয়া গেছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।”

১২ বছর আগে প্রতিবেশী লিটন ও বুবলীর বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই।

বুবলীর মা নুরজাহান বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকে ঠিকাদারী কাজ করার জন্য বুবলীর কাছ থেকে মাঝে মধ্যেই টাকা নিতেন লিটন। এজন্য সম্প্রতি পাঁচ লাখ টাকা চান তিনি। এছাড়া নিঃসন্তান থাকার কারণে মাঝে মধ্যেই তাদের ঝগড়া-বিবাদ হতো।

“এর জের ধরেই শনিবার রাত আড়াইটার দিকে মোবাইলে খবর আসে শারমিন গুরুতর অসুস্থ। দ্রুত জামাইয়ের বাড়িতে গিয়ে দেখি নিজ ঘরের ফ্যানের সঙ্গে মেয়ের লাশ ঝুলছে।

“অথচ হাঁটু খাটের সঙ্গে লাগানো। এসময় মেয়ের শ্বশুর-শাশুড়ি বাড়িতে ছিল না। নেশাগ্রস্ত অবস্থায় জামাইকে পায়চারী করতে দেখি,” বলেন তিনি।

মারপিট ও শ্বাসরোধে হত্যার পর বুবলীর লাশ ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন নূরজাহান বেগম।

এ ঘটনায় বুবলীর চাচা সাবেক পৌর কাউন্সিলর রঞ্জুয়ার রহমান বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।