জামালপুরে আগুনে পুড়ে দাদি-নাতনির মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ঘরে আগুন লেগে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।
রোববার ভোরে উপজেলার তিলকপুর কাউনিয়ার চরে এ অগ্নিকাণ্ড হয়।
নিহত দুজন হলেন- তিলকপুর কাউনিয়ার চর গ্রামের আফছার আলীর স্ত্রী জরিনা বেগম (৬৫) ও তার নাতনি সাজিনা (১০)।
দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ জানান, আফছার আলীর বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে জরিনা ও সাজিনা মারা যায়।
তিনি বলেন, আগুনে ছয়টি ঘর, ঘরের আসবাবপত্র, ধানচাল, নগদ টাকা, তিনটি গরু ও দুটি ছাগল পুড়ে গেছে। এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে আরো পাঁচজন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দেন।
