২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল চালুর দাবিতে রোকেয়ার একাডেমিক ভবনে তালা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন নির্মিত বঙ্গবন্ধু হল দ্রুত চালুর দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 01:03 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

রোববার সকাল ৯টায় শিক্ষার্থীরা চারটি একাডেমিক ভবনের সবগুলোতে তালা ঝুলিয়ে দেয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু হল ও ক্যাফেটেরিয়া চালুর দাবিতে গত মার্চ মাস থেকে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

দাবি আদায়ে গত ৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়।

৮ থেকে ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে নারী উন্নয়ন মেলার কারণে ধর্মঘট স্থগিত থাকে।

‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারের আহ্বায়ক এমবিএ প্রথম সেমিস্টারের ছাত্র রোকনুজ্জামান রোকন বলেন, “দাবি না মানায় আমরা সকালে সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছি। দাবি মেনে না নেয়া পর্যন্ত তালা খোলা হবে না।”

তিনি অভিযোগ করেন, পাঁচশ আসনের বঙ্গবন্ধু হল নির্মাণের পর বিদ্যুৎ সংযোগ, পানি সরবরাহ ব্যবস্থা ও ফ্যান লাগানোর কাজ এক মাস আগে শেষ হলেও উপাচার্য হলটি চালু করছেন না।

ক্যাম্পাসের বাইরে বিভিন্ন মেসে থাকা ছাত্ররা বিভিন্ন সময় হয়রানি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন বলে দাবি করেন রোকন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ময়নুল আজাদ বলেন, “বঙ্গবন্ধু হলে বিদ্যুৎ সংযোগের কাজ কিছুটা বাকি রয়েছে। এটি শেষ হলেই হলটি খুলে দেয়া হবে।”

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘বেগম ফজিলাতুন্নেসা’ নামে একটি ছাত্রী হল গত বছর চালু করা হলেও ছাত্রদের কোনো আবাসিক হল এখনো চালু হয়নি।