টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে উপকূলরক্ষা বাহিনী (কোস্টগার্ড)।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কাজী হারুণ উর রশীদ জানান, রোববার ভোর সাড়ে ৪টায় উপজেলার কেরুনতলীতে নাফ নদীর মোহনা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এগুলোর আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে জানান তিনি।
কোস্টগার্ড কর্মকর্তা কাজী হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা নাফ নদীতে অভিযান চালান।
“এসময় নদীর তীরে থাকা পাচারকারীরা ইয়াবা ভর্তি পলিথিনের একটি প্যাকেট পানিতে ফেলে পালিয়ে যায়। পরে প্যাকটটি উদ্ধার করা হয়।”
এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানান তিনি।
