২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাবে রোববার থেকে সপ্তাহব্যাপী বইমেলা

৪০টি প্রকাশনা সংস্থার অংশগ্রহণে বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে রোববার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বইমেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 10:59 PM

Updated : 22 Aug 2022, 06:04 PM

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ জানান, তাদের আয়োজনে এ মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।  

রোববার বিকাল ৫টায় মেলাটি উদ্বোধন করা হবে, যাতে সদ্য প্রয়াত সাংবাদিক এ বি এম মূসার স্মরণে থাকবে ‘মূসা মঞ্চ’।

সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘‘সাত দিনের বইমেলাটি প্রেসক্লাবের আজীবন সদস্য বরেণ্য সাংবাদিক ফয়েজ আহমদের পূণ্য স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।’’

তিনি বলেন, ‘‘মেলায় দেশবরেণ্য সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য এবিএম মূসার স্মরণে বইমেলা চত্বরে ‘এবিএম মূসা স্মৃতি মঞ্চ’ স্থাপন করা হবে। বইমেলা চলাকালীন প্রতিদিন এই মঞ্চে থাকবে সাহিত্য বিষয়ক অনুষ্ঠান।

“মঞ্চের পাশে থাকবে এবিএম মূসা স্মরণে শোক বই। এবিএম মূসার সুহৃদ, অনুরাগীরা তাদের অনুভূতি শোক বইয়ে লিপিবদ্ধ করতে পারবেন।’’

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার মেলা চলবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, বইমেলা কমিটির আহ্বায়ক কবি হাসান হাফিজ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, নির্বাহী পরিচালক মিলন নাথ।

সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ বদিউল আলম, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য নূরুল হুদা, নূরুদ্দিন আহমদ ও নূরুল হাসান খান।

মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থা

বাংলা একাডেমি, আগামী প্রকাশনী, অনন্যা, সময় প্রকাশন, অন্যপ্রকাশ, দিব্য প্রকাশ, কাকলী প্রকাশনী, এ্যাডর্ন, অক্ষর, অনুপম প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, প্রথমা, একুশে বাংলা, হলি পাবলিকেশন্স, নালন্দা, রূপ প্রকাশ, আহমদ পাবলিশিং হাউস, মুক্তদেশ, ইউনিভার্সিটি প্রেস লি. সাহিত্য প্রকাশ, সিঁড়ি, আবিষ্কার, মহাকাল, বিভাস, বদ্বীপ, সংঘ প্রকাশনী, শিকড়, শুদ্ধস্বর, তরফদার প্রকাশনী, নিমফিয়া, পার্ল, প্রীতম, কথা প্রকাশ, পাঞ্জেরী, মেরিট ফেয়ার, মুক্তচিন্তা, জ্ঞান বিতরণী, বদ্বীপ, কাশবন প্রকাশন এবং উন্মাদ।