২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটা বন্ধে চট্টগ্রামে সমাবেশ

নির্বিচারে পাহাড় কাটা বন্ধে প্রশাসনকে সক্রিয় হওয়ার দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 10:58 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার বিকাল ৪টায় নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও নাগরিক সমাবেশের আয়োজন করে জনউদ্যোগ ও পরিবেশ ছাত্র ফোরাম নামের দুটি সংগঠন।

সমাবেশে পরিবেশ আন্দোলনের কর্মী ও চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরিফ চৌহান বলেন, “দীর্ঘদিন যাবত দুর্বৃত্তরা চট্টগ্রামে নির্বিচারে পাহাড় কেটেই চলেছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় ‘পাহাড়খেকোরা’ আরও বেপরোয়া হয়ে উঠেছে।

“দিনেরাতে অবৈধ উপায়ে পাহাড় দখল করে অব্যাহতভাবে পাহাড় কাটার উৎসবে মেতেছে ভূমিদস্যুরা।”

পাহাড় কাটায় জড়িত ভূমিদস্যুদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা না নেয়ায় অবশিষ্ট পাহাড়গুলো কেটে চট্টগ্রামকে ‘পাহাড়শূন্য’ করা হচ্ছে বলে অভিযোগ করেন সমাবেশের বক্তারা।

পাহাড় ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রামবাসীকেও প্রতিরোধ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

জনউদ্যোগের সমন্বয়ক শ্যামল মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পরিবেশ ছাত্র ফোরামের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আতিকুর রহমান, আরিফুল হক, সালাউদ্দীন তানসেন, রবিউল হাফিজ, কাজী সালাহউদ্দিন প্রমূখ।