২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জমি নিয়ে বিরোধে যুবক ‘খুন’

নওগাঁর রাণীনগর উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 09:17 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার গোনা ইউনিয়নের চাপরা গ্রামে একটি গাছে মোহনের (১৮) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

মোহন চাপরা গ্রামের লুৎফর রহমান লেবুর ছেলে।

মোহনের বাবার করা মামলায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।

রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, এ ঘটনায় মোহনের বাবা লুৎফর রহমান লেবু পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

এ মামলায় এলাকার আজিজুল হক (৪৫) ও তার ছেলে মাজেদুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহীন মো. অনু ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের মাথা, গলা ও পিঠে যখমের চিহ্ন ছিল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার রাতের খাবার শেষে জমিতে সেচ দেয়ার জন্য শ্যালো মেশিন ঘরে যান মোহন।

সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে নান্দগাড়ী নামের পুকুর পাড়ের একটি বরই গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় গ্রামবাসী।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মোহনের মা আঞ্জুয়ারা জানান, এলাকার নন্দগাড়ী নামের একটি পুকুর ইজারা নিয়ে প্রায় ছয় মাস ধরে মাছ চাষ করে আসছে মোহন। এর আগে আজিজুল ওই পুকুরে মাছ চাষ করত। পুকুরপাড় এলাকাতেই পরিবার নিয়ে বাস করে সে।

গত ১৫/২০ দিন আগে রাতে পুকুরে চুরি করে মাছ ধরার সময় আজিজুলকে দেখতে পায় মোহন।

সেদিন এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় জানিয়ে তিনি দাবি করেন, এর জের ধরে শুক্রবার রাতে আজিজুল, তার স্ত্রী ও ছেলে মিলে মোহনকে হত্যা করেছে।

হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখে বলেও দাবি করেন তিনি।