সন্তান চুরি ও বিক্রির পাল্টাপাল্টি অভিযোগ
মাদারীপুর সদরে সন্তান চুরির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।
তবে, ওই দম্পতির দাবি- তারা মেয়েটিকে মা-বাবার কাছ থেকে ৫০ হাজার টাকায় কিনেছেন।
শিশুর মা-বাবা মাদারীপুর সদর থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মাদারীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মিয়া বলেন, “থানায় এই বিষয়ে একটি অভিযোগ পেয়ে উভয় পক্ষকে আমরা থানায় ডেকেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।”
শিশুটির বাবা নূরুল হক খান ও মা পারুল বেগম (৩৫) জানান, গত ৭ মার্চ পারুল বেগম শহরের চৌধুরী ক্লিনিকে যান। সেখানে তার একটি মেয়ে হয়।
শিশু জন্মের পরে নূরুল হক একটি জরুরি কাজে স্ত্রীকে ক্লিনিকে রেখে ফরিদপুর যান। তখন মা পারুল বেগমের অলক্ষ্যে শিশুটিকে সদর উপজেলার ছিলারচর এলাকার নাসির ফকির স্ত্রী রেখা বেগম চুরি করে নিয়ে যান।
অনেক খোঁজাখুঁজি শেষে শিশুটির খোঁজ পেয়ে তারা মাদারীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে রেখা বেগম ও তার স্বামী নাসির ফকির বলেন, চুরি নয়, শিশুটিকে তারা ৫০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছেন।
তারা জানান, পারুল বেগমের আগের তিন মেয়ে রয়েছে। এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে তারা জানতে পারেন এটিও মেয়ে। তাই পারুল বেগম তাদের কাছে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার ছয় মাস আগেই ভরণপোষণসহ বিক্রি করে দেন।
তাদের দাবি, এতদিন ধরে তারা শিশুটিকে লালনপালন করেছেন। একমাস পর সন্তান ফেরত নিতে চান।
তারা এরইমধ্যে শিশুটির পেছনে এক লাখ টাকা খরচ করেছেন বলেও দাবি করেন।
