কোটালীপাড়ায় ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ
গোপালগঞ্জে জনতা ব্যাংক থেকে ভিন্ন পরিচয়ে ঋণ নিয়ে, ঋণের অর্থ জমা না দিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।
কোটালীপাড়া শাখার তকালীন ব্যবস্থাপক আশীষ কুমার বিশ্বাস, তদন্ত কর্মকর্তা সুধন্য কুমার হালদার ও উপানন্দ বালার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জনতা ব্যাংকের ফরিদপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জয়েন উদ্দিন অভিযোগের কথা স্বীকার করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কেউ রেহাই পাবে না।
কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক কাজী ইমদাদুল হক বলেন, চারমাস আগে আশীষ কুমার বিশ্বাস ও তদন্ত কর্মকর্তা উপনন্দ বালাকে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় জনতা ব্যাংকে বদলি করা হয়।
নতুন ব্যবস্থাপক হিসেবে তিনি (কাজী ইমদাদুল হক) যোগ দেন। এরপর আনাদায়ী পল্লী ঋণ আদায়ে গ্রহীতাদের কাছে নোটিশ পাঠানো শুরু করলেই এসব আত্মসাতের বিষয় ফাঁস হতে শুরু করে।
এরপর এ ঘটনায় জড়িত ওই শাখার তদন্ত কর্মকর্তা সুধন্য কুমার হালদার গা ঢাকা দিয়েছেন বলে তিনি জানান।
ইমদাদুল হক বলেন, “ঋণ আদায়ের জন্য আমরা ৬৫০ জনকে নোটিশ করেছি। এর মধ্যে ৬০ জন বিভিন্ন অভিযোগ দায়ের করেছেন। এতেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ। প্রতিদিনই অভিযোগ আসছে ও টাকার পরিমাণ বাড়ছে।”
নোটিশ পাওয়াদের মধ্যে অনেকে ব্যাংকে এসে ঋণ পরিশোধের কাগজপত্র দাখিল করছেন। আবার অনেকে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন।
উপজেলার জহরেরকান্দি গ্রামের দিগ বিজয় বিশ্বাস বলেন, তার বাবা ক্ষিতিশ বিশ্বাস ও চাচা কুমোদ বিশ্বাসের নামে ব্যাংক থেকে মার্চ মাসে দুটি নোটিশ পাঠানো হয়। এ নোটিশে বলা হয় তারা ২০১১ সালে ব্যাংক থেকে ৯০ হাজার টাকার পল্লী ঋণ নিয়েছেন। কিন্তু তার বাবা ১০ বছর আগে ও চাচা ১২ বছর আগেই মারা যান।
“মৃত দুই ব্যক্তির নামে কেউ ঋণ উত্তোলন করে আত্মসাৎ করেছে বলে আমি ব্যাংককে জানিয়েছি,” বলেন তিনি।
মাঝবাড়ী গ্রামের গ্রামের মুজিবর দাড়িয়া বলেন, তিনি ওই ব্যাংক থেকে ৬০ হাজার টাকার পল্লী ঋণ নিয়েছিলেন। এক বছর আগে পরিশোধ করেছেন।
গত মার্চে আমাকে নোটিস দেয়া হলে তিনি টাকা জমা দেয়ার রসিদ ব্যাংকে উপস্থাপন করেছেন।
রামশীল গ্রামের বলাই চাঁদ মন্ডল বলেন, মার্চ মাসে তার নামে ব্যাংক থেকে একটি নোটিশ পাঠানো হয়।
কিন্তু তিনি ব্যাংক থেকে কখনো কোনো ঋণ নেননি বলে জানান।
এ ব্যাপারে সাবেক ব্যবস্থাপক আশীষ কুমার বিশ্বাস বলেন, “তদন্তকারী দুই কর্মকর্তা দালালদের সহযোগিতায় সামান্য কিছু অনিয়ম দুর্নীতি আমার অজান্তেই করে থাকতে পারে। সে ব্যাপারে ব্যাংকের প্রধান কার্যালয়ের তদন্ত চলছে।”
ব্যক্তিগতভাবে তিনি কোনো অনিয়ম দুর্নীতি করেননি। মৃত ব্যক্তি বা ভুয়া নামে কোনো ঋণ পাশ করেননি।
জাল জালিয়াতির মাধ্যমে কেউ এ কাজ করে টাকা হাতিয়ে নিয়ে থাকতে পারে বলে তার ধারণা।
