অন্তিম শয়নে হিরন
বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র শওকত হোসেন হিরনের দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার।
বিকাল সাড়ে ৩টায় বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় হিরনের মরদেহ নগরীর সদর রোড সোহেল চত্বরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বেলা ১২টায় সাবেক এই মেয়রের মরদেহ নেয়া হয় সিটি কর্পোরেশন কার্যালয়ে।
সেখানে শ্রদ্ধা জানান মেয়র আহসান হাবিব কামালসহ কর্মকর্তা-কর্মচারীরা।
পরে মরদেহ নেয়া হয় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে।
দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হয় মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেমন, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন।
গত ২২ মার্চ বরিশালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পড়ে গিয়ে মাথায় আঘাত পান হিরন। এরপর ঢাকায় এনে অবস্থার উন্নতি না হওয়ায় পাঠানো হয় সিঙ্গাপুলে।
কিন্তু সিঙ্গাপুর থেকে কোনো আশা না দেয়ায় দেশে ফিরিয়ে এনে ঢাকার অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল হিরনকে।
সেখানে গত বুধবার (৯ এপ্রিল) তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আওয়ামী লীগের এই নেতার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
