যশোরে গৃহবধূ হত্যা, স্বামী-শ্বশুর আটক
যশোরের সদর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
হত্যার অভিযোগে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।
যশোর কোতোয়ালী মডেল থানার এএসআই শারমিন জানান, শুক্রবার সকালে রায়মানিক গ্রামের শ্বশুরবাড়ি থেকে রিক্তা ঘোষের (১৯) লাশ উদ্ধার করা হয়।
নিহত রিক্তা ওই গ্রামের শিপন ঘোষের স্ত্রী। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার চরঘাটা গ্রামের মিহির ঘোষের মেয়ে।
এএসআই শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশ উদ্ধারের ঘটনায় নিহতের স্বামী শিপন ঘোষ ও শ্বশুর কৃষ্ণ ঘোষকে করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
রিক্তার বাবা মিহির ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় নয় মাস আসে শিপনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় দুই লাখ ৮০ হাজার টাকা যৌতুক দেন তিনি।
তিনি বলেন, “আরো ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে প্রায়ই মেয়ের ওপর নির্যাতন করতো শিপন। বৃহস্পতিবার রাতে রিক্তাকে বেধড়ক পেটানো হলে তার মৃত্যু হয়।”
পুলিশ কর্মকর্তা শারমিন জানান, নিহতের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
