বিপ্লবী বিনোদ বিহারী স্মারক গ্রন্থ প্রকাশিত
চট্টগ্রামে ব্রিটিশবিরোধী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর স্মরণে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠানে ‘চিরঞ্জীববিপ্লবী বিনোদ বিহারী স্মারক গ্রন্থ’র মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিপ্লবী বিনোদ বিহারী এ কালের কিংবদন্তী এক পুরুষ। নিষ্ঠা, একাগ্রতা, সংযম, মানব প্রেম আর ভালোবাসা দিয়ে তিনি জীবন গড়েছিলেন।
“মুক্তিযুদ্ধের পর দেশে মূল্যবোধের ধ্বস নামে। তখন শুধু পিতার মত এ মানুষটির দিকেই আমরা চেয়ে থাকতাম।”
তিনি বলেন, মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহই ছিল উপমহাদেশে প্রথম বিপুল গণমানুষের মুক্তির চেতনায় উদ্বুদ্ধ সংগ্রাম।
“স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন তারা। তারা জানতেন মৃত্যু অবধারিত। তবুও এগিয়ে গিয়েছিলেন সেই কঠিন পথে।”
শামসুজ্জামান খান বলেন, জীবনের বিনিময়ে মুক্ত, স্বাধীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন চট্টগ্রামের যুব বিদ্রোহীরা।
বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী স্মরণ সভা পরিষদ এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।
আবুল মোমেন, শিমুল বড়ুয়া, অমল কান্তি নাথ ও তাপস হোড়ের সম্পাদনায় বইটি প্রকাশিত হয় সাহিত্য প্রকাশ থেকে।
প্রায় সাড়ে তিনশ পৃষ্ঠার বইটিতে আছে বিনোদ বিহারীকে নিয়ে ছড়া-কবিতা, স্মৃতিকথা, সাক্ষাৎকার ও প্রবন্ধ। বইটিতে আছে বিনোদ বিহারীর নিজের লেখা ও চট্টগ্রাম যুব বিদ্রোহের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি অধ্যাপক ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন।
কবি কামরুল হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক আবুল মোমেন ও অধ্যাপক গোলাম মোস্তফা।
ব্রিটিশবিরোধী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ২০০৩ সালের ১০ এপ্রিল কলকাতার ফর্টিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৩ বছর বয়সে মারা যান।
পরে তাকে চট্টগ্রামে ফিরিয়ে এনে দাহ করা হয়।
