২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবকদের প্রশিক্ষণে জোর প্রধানমন্ত্রীর

যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 04:11 PM

Updated : 25 Apr 2022, 04:02 PM

বৃহস্পতিবার জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের বৈঠকে এনিয়ে কথা বলেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, যুবকদের দক্ষতা বাড়ানো গেলে বেকার সমস্যা দূর হবে। বৈদেশিক আয় বাড়বে।

যুবকদের দক্ষতা বৃদ্ধিতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার কথাও বলেন হাসিনা।

জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক হয়। এটি ছিল কাউন্সিলের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

২০১২ সালের ৩০ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা’ অনুমোদন করা হয়।

ওই নীতিমালার আলোকে প্রণীত ‘বাস্তবায়নের খসড়া কর্মপরিকল্পনা বৃহস্পতিবারের সভায় পর্যবেক্ষণসহ অনুমোদিত হয় বলে নজরুল জানান।

তিনি বলেন, কৃষি, গবাদী পশু পালন, খাদ্য উৎপাদন এবং কৃষিভিত্তিক শিল্পকে এই কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররাফ হোসেন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিতি ছিলেন।