২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে দোকানে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ১০

রাজধানীর তেজগাঁওয়ে একটি হার্ডওয়্যারের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরো ১০ জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 04:10 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

তেজগাঁওয়ে অগ্নিদগ্ধদের স্বজনের আহাজারি তেজগাঁওয়ে অগ্নিদগ্ধদের স্বজনের আহাজারি

নিহত আব্দুল লতিফ (৭০) পেশায় ভ্যানচালক ছিলেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফজলুর রহমান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত ১টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় লতিফ মারা যান।  তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুপুর পৌনে ৩টার দিকে তেজগাঁও মহিলা কলেজের পাশের ওই দোকানে আগুন লাগে।

আহতরা হলেন- সফিউল আজম (৪৫), খলিলুর রহমান (৩৬), মাহমুদুল হাসান (৩৭), জহিরুল ইসলাম (৬০), মো. মাসুদ (২৫),জাকির (২৫), উজ্জ্বল (২৫), শাম্মী আকতার (১৯), ইফফাত আরা ইয়াসমিন (১৯) ও মোতালেব (১২)।

তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে সফিউল, খলিলুর ও শিশু মোতালেবের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সাজ্জাদ খন্দকার সাংবাদিকদের বলেন, এই তিনজনের শরীরের ৭৫ থেকে ৯৬ শতাংশ পুড়ে গেছে, শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া  মাহমুদুল হাসানের শরীরের ৩৫ ভাগ, জহিরুলের ৩৪ ভাগ, মাসুদের ২৫ ভাগ, জাকির ও উজ্জ্বলের ২৫ ভাগ পুড়েছে।

দগ্ধদের মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী শাম্মী ও নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ইফফাত আরার পা পুড়ে গেছে।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারতলা ভবনের নিচতলায় একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ভবনের তৃতীয় তলায় আলাউদ্দিন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা রয়েছে। তবে আগুনে ওই কারখানার কোনো ক্ষতি হয়নি।

অগ্নিদগ্ধদের বরাত দিয়ে এসআই ফজলুর রহমান বলেন, দোকানে ‘কোনো’ একটা কিছুর বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।