২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণ মঞ্চে ঐক্যের আহ্বান সেক্টর কমান্ডার্স ফোরামের

বিভাজন নয়, সম্মিলিত উদ্যোগে সব অপশক্তি মোকাবেলা করার সামর্থ্য অর্জন করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 01:26 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার এক বিবৃতিতে গণজাগরণ মঞ্চ নিয়ে সৃষ্ট ‘বিভ্রান্তি’ দূর করতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “সকল গণতান্ত্রিক আন্দোলনের পথে বাধা-বিপত্তি ও সংকট অস্বাভাবিক কিছু নয়। তবে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধবাদীরা সম্মিলিতভাবে যখন বাংলাদেশ রাষ্ট্রকে আঘাত করতে উদ্যত হয়েছে তখন এ ধরনের বিভ্রান্তি কাম্য হতে পারে না।”

তবে গণজাগরণ মঞ্চ এ দুর্বলতা কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে।

এতে বলা হয়, “অসাম্প্রদায়িক জাতিসত্তার অনুসারী মুক্তিযুদ্ধের পক্ষের সকল যুবাতারুণ্য, ছাত্র ও যুব সংগঠনের সম্মিলিত প্রয়াসে এবং যৌথ নেতৃত্বে গণজাগরণ মঞ্চ তার সকল দুর্বলতা কাটিয়ে উঠবে।”

বিবৃতি দাতারা হলেন- সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার, সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ, আবু ওসমান চৌধুরী এবং ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব।

শাহবাগে প্রজন্ম চত্বরে অবস্থান নিয়ে গণজাগরণ মঞ্চের সঙ্গে আন্দোলন চালিয়ে আসা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কর্মীদের সঙ্গে সম্প্রতি মঞ্চের কয়েক কর্মীর মারামারি হয়।

এরপর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের আচরণ নিয়ে অসন্তোষ জানান মঞ্চের কয়েক সংগঠক।

শাহবাগে সমাবেশে বাধা, আটক ৭

‘ইমরানের কারণে মঞ্চে ক্ষোভ-হতাশা’