শিল্পাচার্যের স্মরণে সাজবে মঙ্গল শোভাযাত্রা
সমৃদ্ধ বাংলাদেশ কামনায় প্রতিবছরের মতো এবারো বাংলা নববর্ষকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
২৬তম এই আয়োজনে বাংলার লোক ঐতিহ্য তুলে ধরা ছাড়াও শিল্পাচার্য জয়নুল আবেদিনের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের শোভাযাত্রাকে আরো বর্ণাঢ্য করে সাজানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বুধবার দুপুরে চারুকলা অনুষদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এবারের শোভাযাত্রার বিস্তারিত তুলে ধরেন তারা।
জাতীয় বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বারক আলভী বলেন, এবারের মঙ্গল শোভাযাত্রার মূল বক্তব্য ‘জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে’।
অধ্যাপক নিসার হোসেন জানান, এবারের শোভাযাত্রায় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দুঃসময়ের কাণ্ডারির প্রতীক হিসেবে ‘গাজী ও বাঘ’, সমৃদ্ধির প্রতীক হিসেবে লক্ষ্মীপেঁচা, শিশু হরিণ, মা ও শিশু, হাঁস ও মাছের ঝাঁক, লোক ঐতিহ্যের প্রতীক হিসেবে বিড়ালের মুখে চিংড়ি, শখের হাঁড়ি তুলে ধরা হবে।
এছাড়া বাঘের দুটি বড় মুখোশ, ময়ূর, ১০টা ছোট পাখি, প্রায় এক হাজার কাগজের ছোট মুখোশ, ১০০টি বড় মুখোশও শোভাযাত্রায় স্থান পাবে।
আয়োজকরা জানান, এবার মঙ্গল শোভাযাত্রার দায়িত্বে রয়েছেন চারুকলা অনুষদের ১৩, ১৪ ও ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলামসহ অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিবারের মতো এবারো বাংলা বর্ষবরণ উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।
বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান জানান, বর্ষবরণ উপলক্ষে কলাভবনের সামনে সোমবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।
গান, নৃত্য, কবিতা আবৃত্তি ছাড়াও কবিগান ও যাত্রাপালা মঞ্চস্থ করা হবে বলে জানান তিনি।
