জঙ্গি দমনের বৈঠকে হিযবুত ও আনছারুল্লাহ নিয়ে আলোচনা
নাশকতামূলক তৎপরতার জন্য হিযবুত তাওহীদ ও আনছারুল্লাহ বাংলা টিমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটিতে আলোচনা হয়েছে।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন জঙ্গিবাদ প্রতিরোধ এবং প্রতিকার কমিটির সদস্যরা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিতে এই বৈঠকে স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভায় জঙ্গিবাদে অর্থায়ন বন্ধ নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া হিযবুত তাওহীদ ও আনছারুল্লাহ বাংলা টিমের নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনায় হয়। তাদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে।
এগুলোর বাইরের অন্যান্য সংগঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী এক মাসের মধ্যে একটি বিশেষ বৈঠক আহ্বান করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
বৈঠকের আগে র্যাবের এক কর্মকর্তা বলেছিলেন, জঙ্গি তৎপরতার জন্য তারা হিযবুত তাওহীদকে নিষিদ্ধ করার সুপারিশ তুলবেন।
প্রতিমন্ত্রী কামালও বলেছিলেন, চারটি সংগঠনের নাশকতামূলক তৎপরতা তাদের চোখে ধরা পড়েছে।
জঙ্গি তৎপরতার জন্য হিযবুত তাহরীর, শাহাদাত-ই-আল হিকমা, জামায়াতে মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)- এই পাঁচটি সংগঠন বর্তমানে নিষিদ্ধ।
এদিকে বুধবারের সভাশেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জঙ্গি দমনের ক্ষেত্রের শক্তি প্রয়োগের চেয়ে সামাজিক গণসচেতনতার দিকে বেশি দৃষ্টি দেয়া হচ্ছে।
সচেতনতা বাড়াতে গণমাধ্যমে বিজ্ঞাপন দিতে তহবিল গঠনের উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশে জঙ্গিরা অবস্থান করেছিল বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “জঙ্গিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোটিভেট করে থাকে। গোয়েন্দারা ওই সব স্থান চিহ্নিত করেছে।”
জঙ্গিবাদে অর্থায়ন বন্ধে ১৭ সদস্যের এই কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার বিষয়েও বৈঠকে আলোচনা আনা হয়।
২০০৯ সালের ৪ এপ্রিল জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করা হয়। নির্বাচন ঘিরে সহিংসতা পেরিয়ে আসা বর্তমান সরকারের আমলে এটিই কমিটির প্রথম বৈঠক।
এর আগে ১৬ বার বৈঠক করে জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি।
