‘চাঁদা না পেয়ে কাজীর সহকারীকে অপহরণ’
লক্ষ্মীপুর সদর উপজেলায় চাঁদার টাকা না পেয়ে এক কাজীর সহকারীকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকাল ৫টায় উপজেলার বশিকপুর ইউনিয়নের ওমিদপুর এলাকা থেকে আব্দুর রহিমকে ‘অপহৃত’ আব্দুর রহীম বশিকপুরের কাজী মাহমুদুল হক নান্নুর অফিস সহকারী। তিনি স্থানীয় আব্দুল্লাহ মিয়ার ছেলে।
সদর থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কাজী মাহমুদুল হক নান্নু বলেন, “দীর্ঘদিন ধরে স্থানীয় রতন বাহিনীর প্রধান রতন আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।”
টাকা না দেয়ায় রতনসহ ৫/৬ জন তার অফিস সহকারী রহিমকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।
অভিযুক্ত রতনকে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
