২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের জন্য অনশনকারী মেয়েটির মুক্তির দাবিতে মানববন্ধন

বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে গিয়ে অনশন করায় গ্রেপ্তার হওয়া এক এসএসসি পরীক্ষার্থীর মুক্তি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 09:02 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

গাইবান্ধার সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামের দরিদ্র এক ভ্যানচালকের মেয়ে এবং স্থানীয় উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এই মেয়েটির মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদে সামনের সড়কে এ মানববন্ধনে হাজারো নারী-পুরুষসহ স্কুল শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষোভ মিছিলও করে তারা।

গত বৃহস্পতিবার ‘প্রেমিক’ জাহাঙ্গীরের বাড়িতে অনশন শুরু করার তিনদিন পর রোববার সেখান থেকে মেয়েটিকে ‘চাঁদাবাজি’ ও জোরপূর্বক বাড়িতে অবস্থানের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

মানববন্ধনে বক্তব্য দেন ধনারুহা গ্রামের আব্দুর রাজ্জাক, চিন্নু মিয়া, মাসুদুর রহমান, সানু মিয়া, মেয়টির সহপাঠী খুকি, মাসুদা, বিউটি ও খোতেজা খাতুন।

বক্তাদের দাবি মিথ্যা মামলায় মেয়েটিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

অবিলম্বে তাকে মুক্তি দিয়ে প্রকৃত দোষী জাহাঙ্গীর আলমের বিচার না করা হলে আরো আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করেন তারা।

বক্তারা জানান, সম্প্রতি একই গ্রামের জাহেদুল ইসলাম দুদুর কলেজ পড়–য়া ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে মেয়েটির প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।

মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে জাহাঙ্গীর তাতে অস্বীকৃতি জানায়।

এ কারণে জন্য বিয়ের দাবিতে গত বৃহস্পতিবার জাহাঙ্গীরের বাড়িতে অনশন শুরু করে মেয়েটি।

দুই দিন পর শনিবার সন্ধ্যায় তার বিরুদ্ধে ‘প্রেমিকের’ বাবা জাহিদুল ইসলাম চাঁদাবাজি ও জোরপূর্বক বাড়িতে অবস্থানের অভিযোগে থানায় মামলা করেন।

এরপর রোববার পুলিশ ওই বাড়ির উঠান থেকে মেয়েটিকে গ্রেপ্তার করে।

সাঘাটা থানার ওসি রফিকুল ইসলামের সন্দেহ একটি চক্রের পরামর্শে মেয়েটি গত বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের বাড়িতে অবস্থান নেয়।

তিনি বলেন, “তিন দিন মেয়েটি কোন কিছু না খাওয়ায় অসুস্থ হয়ে পড়ে।

“যেকোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো।

“এছাড়া ওই মেয়ের লোকজন জাহাঙ্গীরের বাড়ি থেকে মেয়েটিকে সরিয়ে নেয়ার জন্য চার লাখ টাকা দাবি করে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুক্তিনগর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান।

তার দাবি বিষয়টি তদন্ত না করেই প্রভাবিত হয়ে পুলিশ চাঁদাবাজি মামলা নথিভুক্ত করেছে।

ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।