এবিএম মূসার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
প্রবীণ সাংবাদিক এবিএম মূসার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি এক শোকবার্তায় প্রয়াত মূসাকে বাংলাদেশের সাংবাদিকতার ‘উজ্জ্বল নক্ষত্র’ উল্লেখ করে বলেন, “সাংবাদিকতায় তার অবদান চির অম্লান হয়ে থাকবে। তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি।”
রাষ্ট্রপতি এবিএম মূসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
একুশে পদক পাওয়া এবিএম মূসা বুধবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। ৮৩ বছর বয়সী এই সাংবাদিক হাসপাতালে কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।
স্পিকার-ডেপুটি স্পিকারের শোক
এবিএম মূসার মৃত্যতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়।
এক শোকবার্তায় স্পিকার বলেন, “এবিএম মূসা ছিলেন সময়ের সাহসী সন্তান। তার ক্ষুরধার লেখনী এবং সত্য ও সাহসী উচ্চারণ তাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করে। সত্য ও ন্যায়ের প্রতীক মহান এ ব্যক্তিটি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।”
ডেপুটি স্পিকার বলেন, “এবিএম মূসা ছিলেন একজন বরেণ্য সাংবাদিক। তার মৃত্যু সাংবাদিক জগতের এক অপূরণীয় ক্ষতি।”
