স্ত্রী পেটানোর মামলায় কনস্টেবল কারাগারে
স্ত্রীকে নির্যাতনের মামলায় দিনাজপুরে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
কোতয়ালী থানায় কর্মরত কনস্টেবল আবুল বাশার প্রামানিক যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে মারধর করতেন উল্লেখ করে থানায় একটি মামলা করেন তার স্ত্রী আয়শা সিদ্দিকা।
মামলার বরাত দিয়ে আসামিপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম জানান, গত ৪ মার্চ সন্ধ্যায় শহরের নিউ টাউন এলাকার ভাড়া বাড়িতে বেল্ট দিয়ে আয়েশাকে বেদম মারপিট করেন বাশার।
“তাকে রাতেই দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।”
মামলার বিবরণে বলা হয়, ঘটনা পরপরই বাশারকে ৬ মার্চ থেকে ৭ দিনের ছুটি দেন পুলিশ কর্মকর্তারা।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলার নেতাদের মাধ্যমে ৮ মার্চ কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন আয়শা।
