২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্নে গবেষণার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা

বাংলাদেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণাকাজে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা সংস্থা সার্ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 08:46 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে দি ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের মহাপরিচালক অধ্যাপক রল্ফ ডিটে হয়া এই প্রস্তাব দেন।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, সার্ন মহাপরিচালক বাংলাদেশ থেকে আন্ডার গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সবচেয়ে মেধাবীদের সার্নের গবেষণাকাজে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন।

এবিষয়ে শিগগিরই পদক্ষেপ নেয়ার কথা তাকে জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, মনোনীত শিক্ষার্থীরা সার্নে তিন মাস গবেষণার সুযোগ পাবেন।

নাহিদ বলেন, “আগামী জুনে সার্নের সঙ্গে আমব্রেলা চুক্তি হবে। এই চুক্তির আওতায় বাংলাদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান চর্চা ও গবেষণায় সার্নের সুযোগ-সুবিধা পাবে।”

আগামী ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সার্নের গবেষকরা তিন দিনের কর্মশালা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষাসচিব মোহম্মদ সাদিক, সার্নের জ্যেষ্ঠ পদার্থবিদ পরিচালক অধ্যাপক ইমানুয়েল টেসমেলিস, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন, কাজী সালাহউদ্দিন আকবর ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সার্ন মহাপরিচালকের সঙ্গে মন্ত্রীর বৈঠকের সময় উপস্থিত ছিলেন।

সোমবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা ছিলেন সার্ন মহাপরিচালক। তাকে সমাবর্তনে ‘ডক্টর অব সায়েন্স’ সম্মানসূচক ডিগ্রি দেয়া হয়েছে।

সমাবর্তন অংশ নেয়ার পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছেন।