পূর্ব রেলে দুর্নীতি: ৪ রেল কর্মকর্তার সাক্ষ্য
পূর্ব রেলের একটি পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন রেলওয়ের চার কর্মকর্তা।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এস এম আতাউর রহমানের আদালতে তাদের সাক্ষ্য নেয়া হয়।
আদালত আগামী ২২ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
এদিন সাক্ষ্য দিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সহকারী মোহাম্মদ আলী, রেলওয়ের যুগ্ম-পরিচালক শামসুজ্জামান, পশ্চিম রেলের চিফ সুপারিনটেনডেন্ট মিয়া জাহান ও কেন্দ্রীয় রেল ভবনের টেলিকম শাখার নাসির উদ্দিন।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী (পিপি) মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চার জন ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিয়েছেন। বুধবার সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায়ও সাক্ষ্য দেবে তারা।
এর আগে গত ২৫ মার্চ ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট এই দুই পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে করা দুটি মামলায় আদালতে নয় জন রেল কর্মকর্তা ও কর্মচারী সাক্ষ্য দেন।
২০১৩ সালের ১৮ অগাস্ট ফুয়েল চেকার পদের মামলাটিতে পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেয়া হয়।
গত ৪ মার্চ ফুয়েল চেকার পদের মামলাটিতে জবানবন্দি দেয়া শেষ করেন মামলার বাদি দুদক কর্মকর্তা এস এম রাশেদুর রেজা।
ওই মামলায় আসামিরা হলেন- পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা, সাবেক জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী ও দুই নিয়োগ প্রত্যাশী আবুল কাশেম ও আনিসুর রহমান।
আনিসুর রহমান ও আবুল কাশেম গত ফেব্রুয়ারি মাসে আদালতে আত্মসমর্পন করলে তাদের কারাগারে পাঠানো হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৩ মার্চ ইউসুফ আলী মৃধা আদালতে আত্মসমর্পন করলে তাকেও কারাগারে পাঠানো হয়। এরপর সর্বশেষ গত ৭ এপ্রিল আদালতে আত্মসমর্পন করেন হাফিজুর রহমান চৌধুরী।
পূর্ব রেলের সাবেক জিএম মৃধার বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগে ১৩টি মামলা রয়েছে।
এর মধ্যে ‘সহকারী কেমিস্ট’ ও ‘ফুয়েল চেকার’ পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধাসহ অন্য আসামিদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে।
২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকায় বিজিবি সদর দপ্তরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার পর ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদারও।
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িতে ৭০ লাখ টাকা ছিল, যা আদায় করা হয়েছে রেলে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে।
এরপর পূর্ব রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ওই বছর ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কোতোয়ালি থানায় ছয়টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
