অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারসহ উদ্ধার ৩৮
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে এদের উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে ৫ জন মাঝি ও ৩৩ জন মালয়েশিয়াগামী যাত্রী রয়েছেন। তাদের অধিকাংশই ফরিদপুর জেলার বাসিন্দা।
আটক ট্রলারটির নাম এফবি মিশাও বলে জানা গেছে।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কাজি হারুন অর রশিদ জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপের তিন কিলোমিটার পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের পেটি কর্মকর্তা কবির হোসেনের নেতৃত্বে একটি দল তাদের উদ্ধার করেছে।
“এদের ট্রলারে করে টেকনাফে আনা হচ্ছে।
“টেকনাফ পৌঁছানোর পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।”
