কৃষি ব্যাংকের ৫২ লাখ টাকা নিয়ে পরিদর্শক ‘উধাও’
বাংলাদেশ কৃষি ব্যাংকের শেরপুর শাখার এক পরিদর্শকের বিরুদ্ধে ঋণ আদায়ের ৫২ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক মো. মতিউর রহমান বাদী হয়ে পরিদর্শক মিজানুর রহমানকে আসামি করে সোমবার রাতে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এছাড়া এ ঘটনা তদন্তে কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রবিউল ইসলামকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মো. মতিউর রহমান জানান, ব্যাংকের ওই পরিদর্শক ও সিবিএ-এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান ঋণ আদায়ের ৫২ লাখ টাকা আত্মসাত করে গত ১৬ দিন ধরে কর্তৃপক্ষের বিনাঅনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এ ঘটনাটি অবগত হওয়ার পর সোমবার (৭ এপ্রিল) ময়মনসিংহ অঞ্চলের জিএম মো. সামছুল আলম শেরপুরের ওই শাখায় এসে প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পান।
এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন ছাড়াও ওই পরিদর্শকের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন তিনি।
শাখার ব্যবস্থাপক আরো জানান, পরিদর্শক মিজানুর রহমান প্রায় চার বছর ধরে কৃষি ব্যাংকের শেরপুর শাখায় কর্মরত রয়েছেন। তিনি শেরপুর সদর উপজেলার বেতমারী, ঘুঘুরাকান্দি এবং পৌর এলাকার তাতালপুর, মোবারকপুর, মিরগঞ্জ, নৌহাটা, গৌরীপুর, সজবরখিলা এলাকায় ঋণ বিতরণ ও আদায়ের দায়িত্বে নিয়োজিত আছেন।
গত ২৩ মার্চ থেকে মিজানুর রহমান ব্যাংকে অনুপস্থিত থাকায় তিনি নিজে (ব্যবস্থাপক) তার সঙ্গে মোবাইল ফোন ও সশরীরে যোগাযেগের চেষ্টা করে ব্যর্থ হন।
এতে তার সন্দেহ হলে তার দীর্ঘদিনের ঋণ আদায় হিসাবে মিলিয়ে ব্যাপক গড়মিল পান। এরপর বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
এদিকে মঙ্গলবার পরিদর্শক মিজানুর রহমানের শহরের নবী নগরের বাসায় সাংবাদিকরা গিয়ে তাকে পাননি।
তার স্ত্রী ফরিদা ইয়াছমিন ও বোন রেনু বেগম সাংবাদিকদের জানান, মিজানুর রহমান কোথায় গেছেন তা তারা জানেন না। তবে ব্যাংকের টাকার গোলমাল হয়েছে বলে তাদেরকে মিজান বলেছেন।
তাদের সঙ্গেও মোবাইল ফোনে মিজানের কোনো যোগযোগ হচ্ছে না বলে জানান।
শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, অভিযুক্ত মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
