বেতন কমিশনের প্রতিবেদন বিজয় দিবসের আগে: ফরাসউদ্দিন
সরকারি চাকরিজীবীদের জন্য গঠিত জাতীয় বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন আগামী বিজয় দিবস বা তার আগে সরকারের কাছে জমা দেয়া হবে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন।
মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে কমিশনের তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ফরাসউদ্দিন এ কথা বলেন।
বৈঠকে কমিশনের সদস্য ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপস্থিত ছিলেন। ফরাসউদ্দিন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্ঘটনা, “স্বাস্থ্যসহ বিভিন্ন বীমা চালু করার চিন্তাভাবনা চলছে। পাশাপাশি তাঁদের সন্তানদের জন্য শিক্ষা-ভাতা দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে।”
তবে বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর। জাতীয় চাকরি ও বেতন কমিশনের মেয়াদ আগামী ১৭ জুন শেষ হওয়ার কথা।
এই মেয়াদ ছয় মাস বাড়ানোর আবেদন করা হবে বলে জানান ফরাসউদ্দিন।
তিনি বলেন, “আমরা সরকারি কর্মকর্তাদের কাছ থেকে সর্বোচ্চ কর্মদক্ষতার প্রয়োগ দেখতে চাই।”
“এজন্য তাদের উপযুক্ত বেতনভাতা ও সুবিধাদি দিতে হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা কাজ করছি।”
বাজেটের আগে কমিশন কোনো প্রতিবেদন দেবে না বলেও জানান ফরাসউদ্দিন।
দেশের ১৩ লাখ সরকারি চাকরিজীবীর জন্য জাতীয় বেতন ও চাকরি কমিশন, ২০১৩ গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত বছরের ২৪ নভেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
কমিশনের মোট ১৭ জন সদস্য রয়েছেন।
