দৌলতখানের নতুন মেয়র জাকির হোসেন
ভোলার দৌলতখান পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেন তালুকদার বিজয়ী হয়েছেন।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সোমবার সন্ধ্যায় এ ঘোষণা দেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
বিজয়ী জাকির হোসেন তালুকদার কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫,৭১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ফকরুল আলম টপি দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪০ ভোট।
নির্বাচনে মোট ৭২ দশমিক ৩৯ শতাংশ ভোট পড়েছে বলে জানান ইউএনও মুস্তাফিজুর রহমান।
এদিকে, সকালে ভোট চলাকালে বিএনপি সমর্থিত প্রার্থী মরিয়ম খানম ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, এজেন্টদের মারধর করে বের করে দেয়া ও ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করাসহ নানা অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।
দৌলতখান পৌরসভার মেয়র আলী আজম মুকুল দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।
