২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ অনিয়ম: চিফ হুইপের পক্ষে তার ভাই দুদকে

অনিয়মের মাধ্যমে পটুয়াখালী জুট মিলসকে ঋণ দেয়ার অভিযোগে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজের ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 05:43 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

সোমবার সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই জুট মিলের মালিক ও পরিচালনা পর্ষদের সদস্য আ স ম ফিরোজ, তার ভাই এ বি এম রেজা ও সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্তকে ডাকা করা হয়েছিল। তবে ফিরোজ এবং রেজা হাজির হননি।

সকাল ১১ টায় দুদক কার্যালয়ে উপস্থিত হন প্রদীপ কুমার দত্ত এবং বেলা সাড়ে ১২টায় ফিরোজ ও রেজার পক্ষে হাজির হন তাদের আরেক ভাই আবুল মকসুদ মোহাম্মদ ফরহাদ।

প্রধান হুইপের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে দুদকের এক কর্মকর্তা জানান, আ স ম ফিরোজ পটুয়াখালী জুট মিলসের স্বত্বাধিকারী এবং পরিচালনা পর্ষদের সদস্য। তার দুই এবিএম রেজা ও আবুল মকসুদ মোহাম্মদ ফরহাদও পর্ষদের সদস্য।

১৯৮৫ সালে স্থাপিত কারখানাটির জন্য এর পরিচালনা পর্ষদ ১৯৮৯ সালে সোনালী ব্যাংক থেকে ১৪ কোটি টাকা ঋণ নেয়।

কিন্তু গত ২০ বছরেও সেই ঋণ পরিশোধ করা হয়নি এবং নিয়ম বহির্ভূতভাবে আট বার ঋণ পুনঃতফসিল করা হয়েছে বলে দুদক জানতে পেরেছে।

প্রচলিত আইন অনুযায়ী ঋণ গ্রহীতার আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক সর্বোচ্চ তিন বার ঋণ পুনঃতফসিল করতে পারে।

দুদকের ওই কর্মকর্তা আরো জানান, ঋণ নেয়ার সময় বন্ধক হিসেবে যে সরঞ্জামাদি ও পাটজাত দ্রব্যের কথা বলা হয়েছিল, বাস্তবে সেসবেরও অস্তিত্ব পাওয়া যায়নি।

অভিযোগ প্রসঙ্গে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্ত বলেন, “আমি তো তখন (১৯৮৫) সোনালী ব্যাংকে ছিলাম না। আমার কাছে ওই কারখানার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এবং আমি তা দুদককে জানিয়েছি।”

বিকালে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে বের হন ফিরোজের ভাই ফরহাদ।

ঋণ অনিয়মের বিষয়ে তিনি বলেন, “আমরা এর সঙ্গে যুক্ত নই। কিছু গণমাধ্যম আমাদের রাজনৈতিকভাবে হেয় করতে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে।”

দুদকে আ স ম ফিরোজের না আসার কারণ জানতে চাইলে ফরহাদ বলেন, “তিনি এই মুহূর্তে বিদেশে আছেন।”