সচিবদের সঙ্গে সোমবার বসছেন প্রধানমন্ত্রী
টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর সোমবার প্রথমবারের মতো সচিবদের নিয়ে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে বেলা সাড়ে ১২টায় এই বৈঠক শুরু হবে।
সবশেষ গত বছরের ২ সেপ্টেম্বর সচিবদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে ৫৮ জন সচিব উপস্থিত ছিলেন, বক্তব্য দিয়েছিলেন ২৩ জন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা আগেই সাংবাদিকদের প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সচিব সভায় কোনো বিশেষ দিক-নির্দেশনা থাকছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “নতুন সরকার আগের সরকারের ধারাবাহিকতা রক্ষা করছে, সাধারণত নতুন সরকার আসার পর যে টেনশনগুলো থাকে তা আমাদের নেই।
“মূলত যেসব কাজ গত মেয়াদে শেষ হয়নি তা শেষ করা এবং নতুন নতুন ইস্যুগুলো প্রধামন্ত্রীর সাথে সচিব সভার আলোচনায় আসবে।”
সাধারণত প্রধানমন্ত্রী উপস্থিত না থাকলে সচিব সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে সচিব সভায় প্রথমে মন্ত্রিপরিষদ সচিব মোটা দাগে কিছু চ্যালেঞ্জ ও অর্জনের বিষয়ে স্বাগত বক্তব্য দেন।
সাধারণত সচিব সভায় সচিবদের কোন দাবি-দাওয়া থাকে না, বলেন মোশাররাফ হোসাইন।
