২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপককে আসামি করা নিয়ে প্রশ্ন মঞ্চের মধ্যেই

শাহবাগে প্রজন্ম চত্বরে মারামারির ঘটনায় যুবলীগ নেতা নাসিম আল মুমিন রূপককে আসামি করায় প্রশ্ন উঠেছে গণজাগরণ মঞ্চের মধ্য থেকেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 12:31 AM

Updated : 01 Sep 2026, 12:44 PM

বৃহস্পতিবারের ওই ঘটনার পরপরই ঘটনার জন্য এক ছাত্রলীগ নেতার পাশাপাশি যুবলীগের এই নেতাকেও দায়ী করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র, যাকে পরে আসামি করা হয় মামলায়ও।

তবে তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন মঞ্চের দুই সংগঠক, যারা এখনো ইমরান এইচ সরকারের সঙ্গেই রয়েছেন।

ওই দিনের ঘটনার সময় রূপকের উপস্থিতি নিয়ে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের সংগঠক খান আসাদুজ্জামান মাসুমকে প্রশ্ন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দিন ঘটনার সময় রূপক উপস্থিত ছিলেন না।

“তাৎক্ষণিকভাবে একজন তার নাম বলেছে, কিন্তু পরে আমরা জেনেছি, রূপক ঘটনার সময় ছিলেন না। তাই তার নাম মামলায় না দেয়ার কথা ছিল।”

তাহলে কেন তার নাম মামলায় দেয়া হয়েছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেটা আমার জানা নেই।”

ওই দিনের ঘটনা নিয়ে জাসদ ছাত্রলীগের সভাপতি সামসুল ইসলাম সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর নাসিম রূপকের নাম বলেছেন জাগরণ মঞ্চের মুখপাত্র।

“কিন্তু রাতে আমরা আহতদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি পর্যালোচনা করে জেনেছি, রূপক ঘটনার সময় উপস্থিত ছিলেন না।”

মামলায় রূপকের নাম দেয়ার কথা ছিল না বলে সুমনও দাবি করেন।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবারের ঘটনায় গণজাগরণ মঞ্চের কর্মী নবেন্দু সাহা জয় বাদী হয়ে তাদের ওপর হামলার অভিযোগে একটি মামলা করেন। এতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মেহেদী হাসানসহ আটজনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- যুবলীগ নেতা রূপক, আবির ঘোষ, শিশির, শেখ আসলাম, এম এম শাহিন, মেছবাহ ও মো. বাবুল।

অন্যদিকে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের পক্ষে সংগঠনের সভাপতি মেহেদী হাসান বাদী হয়ে তাদের উপর হামলার অভিযোগ এনে গণজাগরণ মঞ্চের তিন নেতার বিরুদ্ধে মামলা করেন।

এ মামলার আসামিরা হলেন- মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সী ও নবেন্দু সাহা জয়।

আগের দিনের মারামারির পর শুক্রবার শাহবাগে প্রজন্ম চত্বরে পাল্টাপাল্টি সমাবেশের চেষ্টা হলে সাতজনকে আটক করে পুলিশ। পরদিন গ্রেপ্তার দুজন শামস রশীদ জয় এবং মেহেদী হাসান আদালত থেকে জামিন পান।