কাজেম আলী স্কুলে ‘বাণিজ্যিকীকরণ’ বন্ধের দাবি
বন্দর নগরীর ঐতিহ্যবাহী কাজেম আলী উচ্চ বিদ্যালয়ে ‘বণিজ্যিকীকরণ’ বন্ধের দাবি জানিয়েছে কাজেম আলী স্মৃতি পরিষদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে কাজেম আলী মাস্টারের প্রপৌত্র ও পরিষদ সভাপতি শাহরিয়ার খালেদ বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি অবৈধভাবে পাশের খালের জমিতে মার্কেট এবং স্কুলের মাঠে কমিউনিটি সেন্টার নির্মাণ করছে।
“এছাড়া সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ বাবদ সাড়ে ৩ কোটি টাকা বিদ্যালয়কে দিয়েছে। সেই টাকা তড়িঘড়ি খরচের জন্য মার্কেট ও বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক সোহেল লুৎফুল হাসনাত বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন বিষয়ে আদালতের স্থগিতাদেশ থাকায় এই এলাকার সাবেক সাংসদ নুরুল ইসলাম বিএসসি ১১ জনের একটি কমিটি মনোনীত করেন।
“ওই কমিটির সভাপতি ওমর ফারুক। কমিটির কেউ না কেউ এ অপকর্মের সাথে জড়িত।”
শাহরিয়ার খালেদ বলেন, বিদ্যালয়টি এমপিওভুক্ত এবং সরকার এটিকে সরকারি করার ঘোষণা দিয়েছে।
“সরকারি হলে বিদ্যালয় পরিচালনা জেলা প্রশাসনের অধীনে চলে যাবে। তাই উন্নয়নের নামে লুটপাট করছে বর্তমান কমিটি।”
শাহরিয়ার খালেদ বলেন, বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণের নাম করে পাশের খালের জমিতে দোকান ঘর তৈরি করে ভাড়া দেয়া হয়েছে।
“এখন খেলার মাঠের একাংশে একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। এটিকে কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হবে বলে জানতে পেরেছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সিদ্দিক আলম, শাহনেওয়াজ খালেদ, হাসান মুরাদ, নুর আহমদ পিন্টু ও শাহ সেলিম খালেদ।
শেখ-এ-চাটগাম খ্যাত কাজেম আলী মাস্টার ১৮৮৫ সালে নগরীর চন্দনপুরায় মডেল ইংলিশ স্কুল নামের বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর বিদ্যালয়টি তার নামে করা হয়।
