সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
সিলেটে অটোরিকশা শ্রমিকের ওপর হামলা ও শ্রমিকদের উপর পুলিশের গুলির প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
শনিবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ধর্মঘটে ১০ দিনের বিরতি দেয়ার ঘোষণা সড়ক পরিবহন শ্রমিক নেতারা।
শুক্রবার দক্ষিণ সুরমার লালাবাজারে সিএনজি অটোরিকশার চালক শফিক মিয়ার উপর দুর্বৃত্তদের হামলা ও পরে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের সময় পুলিশের গুলি ছুঁড়ার প্রতিবাদের শনিবার থেকে অনির্দৃষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সিলেট শাখার সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, মেয়র আরিফুল হক চৌধুরী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেয়ায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এর মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে আবারো কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ জেদান জানান, ধর্মঘট স্থগিত ঘোষণার পর বিকেল ৫টা থেকে যানচলাচল শুরু হয়েছে।
এর আগে শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটে সারা দেশের সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অটোরিকশা শ্রমিকের উপর হামলা ও পুলিশের গুলির প্রতিবাদে শুক্রবার সকালে সেলিম আহমদ ফলিক ধর্মঘটের ডাক দেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল ৭টায় পূর্বশত্রুতার জেরে লালাবাজার এলাকার অটোরিকশা চালক শফিক মিয়ার উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
এঘটনায় পরিবহন শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে পুলিশ ফাঁকা গুলি করে।
তবে, পুলিশের গুলিতে কিংবা হামলায় কেউ আহত হয়নি।
পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, ধর্মঘটে সকাল থেকেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
