২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ৪ জনের মৃত্যুর ঘটনায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং  ইয়ার্ডে বিষক্রিয়ায় চারজনের মৃত্যুর ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের দুইজনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 08:42 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

তবে মামলায় শিপইয়ার্ড মালিক বা মালিকপক্ষের কাউকে আসামি করা হয়নি।

শুক্রবার সীতাকুণ্ড থানার এসআই মোজাম্মেল হক বাদী হয়ে এ মামলা করেন।

এতে আরেফিন এন্টারপ্রাইজ নামের ইয়ার্ডে রাখা পরিত্যক্ত জাহাজের মালামাল কিনতে আসা বিছমিল্লাহ ট্রেডের আবুল বশর ও জসিম উদ্দিনকে আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার এএসপি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজের পরিত্যক্ত মালামাল কিনতে যাওয়ার সময় কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

পরিত্যক্ত জাহাজটিতে ওঠা এবং মালামাল কিনতে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না নেয়ায় অবহেলার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইয়ার্ড মালিকপক্ষের কাউকে মামলায় আসামি না করা প্রসঙ্গে জানতে চাইলে এএসপি সাইফুল বলেন, ঘটনার তদন্তে মালিকপক্ষের অবহেলা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের কদমরসূল এলাকায় বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য কামাল উদ্দিনের মালিকানাধীন আরেফিন এন্টারপ্রাইজ নামের শিপব্রেকিং ইয়ার্ডে একটি পরিত্যক্ত জাহাজে মালামাল কেনার জন্য যায় বিছমিল্লাহ ট্রেড।

ওই সময় জাহাজের একটি সিলিন্ডার সামান্য বিস্ফোরিত হয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়। আহত আরও দুই শ্রমিক নগরীর আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘট্নায় নিহত ৪