২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহারে ট্রেনে হামলা: মামলা দায়ের, গ্রেপ্তার ২

বগুড়ার সান্তাহার রেল জংশনে আন্তঃনগর তিতুমীর ট্রেনে জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 07:44 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

সান্তাহার জি আরপি থানায় বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি দায়ের করেন থানার এএসআই মিজানুর রহমান মিজান।

সান্তাহার জিআরপি থানার ওসি শরিফুল ইসলাম জানান, মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় গ্রেপ্তাররা হলেন মো. নুপুর (২৮) ও শাহজাহান আলী (৩০)।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।

চোরা কারবারের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে সান্তাহার রেল স্টেশনে তিতুমীর এক্সপ্রেসে হামলা চালিয়ে লুটপাট করে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

এতে ওই ট্রেনের পরিচালক আব্দুল মালেক ও টিকেট কালেক্টর আরাফাত হোসেন গুরুতর জখম হন।

আহত আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নীলফামারী থেকে রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার জন্য বাঁশি দেওয়ামাত্র দেশি অস্ত্র নিয়ে শতাধিক লোক ট্রেনে হামলা করে। ট্রেনের হোস পাইপ খুলে দেয়।

তাদের ধারালো অস্ত্রের আঘাতে তার (মালেক) হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে ট্রেনের টিকেট কালেক্টর আরাফাত হোসেনও হামলার শিকার হন।

পরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সান্তাহার জংশন স্টেশনে লাঠিসোটা নিয়ে উপস্থিত হয়ে জাতীয় পার্টি সমর্থকদের তাড়িয়ে এলাকার দখল নেয়।

এ ব্যাপারে বগুড়ার আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাজির হোসেন মিলন সাংবাদিকদের জানান, এ ঘটনায় জাতীয় পার্টির কেউ জড়িত নয়।

তিনি বলেন, “আমরা জিআরপি থানার মধ্যে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় কারা হামলা চালিয়েছে তা আমার জানা নেই।”