চাঁদপুরে ‘ভাইয়ের হাতে’ ভাই খুন
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছে।
শুক্রবার দুপুরে নিহত মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খান (৬২) বিএডিসির সাবেক কর্মকর্তা।
ঘটনার পর তার ছোট ভাই চাঁদপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান খান গা ঢাকা দিয়েছেন।
নিহতের নিকটাত্মীয় দেলোয়ার হোসেন খান জানান, দুপুরে ওই দুই ভাই পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে আলোচনায় বসেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এ সময় মোস্তাফিজুর রহমান বড় ভাই লুৎফুর রহমানকে জুতো দিয়ে কপালে জোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
চাঁদপুর জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. নাসিরউদ্দিন বলেন, বিষয়টি পুলিশ জেনেছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, এ দুবাইয়ের মধ্যে অতীতে কখনো ধরনের ঝগড়া বা বিরোধ হয়েছে বলে তাদের জানা নেই। কিন্তু শুক্রবার কেন যে এমন হলো তারা জানেন না।
