২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজাকার’ হাছেন আলীকে গ্রেপ্তারের নির্দেশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ‘রাজাকার’ সৈয়দ মো. হাসান ওরফে হাছেন আলীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 10:49 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

একইসঙ্গে আগামী ১৫ মের মধ্যে হাছেন আলীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

গত মঙ্গলবার প্রসিকিউটর আবুল কালাম আযাদ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে হাছেন আলীকে গ্রেপ্তারের আবেদন করেন।

শুনানিতে প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল বলেন, হাছেন আলী কিশোরগঞ্জের তাড়াইলে থাকেন না। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা গ্রামে বসবাস করছে।

“এলাকাটি (ব্রাহ্মণবাড়িয়া) ভারতীয় সীমান্তবর্তী। তাই যে কোনো সময় সীমান্ত অতিক্রম করে ভারতে আত্মগোপন করতে পারেন তিনি। তাই বিচারে বিঘ্ন ঘটার আগেই তাকে গ্রেপ্তার করা উচিৎ।”

প্রসিকিউশনের গ্রেপ্তার আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হাছেন আলীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নির্যাতন, হত্যা, গণহত্যা, লুটতরাজ, আগ্নিসংযোগ, ধর্মান্তরিতকরণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে।

হাছেন আলীর বাবা মোসলেহ উদ্দিন তৎকালীন পূর্ব পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোর বিরোধিতা করেন।

মুক্তিযুদ্ধ চলাকালে হাছেন আলী বাবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজাকার বাহিনীতে যোগ দেন।

পরে তিনি কিশোরগঞ্জের তাড়াইলের রাজাকার কমান্ডার হন। সে সময় তিনি তাড়াইল থানা এলাকায় ‘রাজাকারের দারোগা‘ নামে পরিচিত ছিলেন।

প্রসিকিউশনের আবেদনে বলা হয়, হাছেন আলীর বিরুদ্ধে এলাকার অনেক প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্তরা তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। আরো অনেকে জবানবন্দি দেয়ার ইচ্ছা পোষণ করেছেন।

“কিন্তু হাছেন আলীর লোকেরা সাক্ষীদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে হাছেন আলীকে গ্রেপ্তার করে জেল হাজতে আটক রাখা প্রয়োজন।“