২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে প্রথম দিনে চট্টগ্রামে অনুপস্থিত ৬৮৩

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৬৮৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 10:37 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর ৬২ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবারের পরীক্ষায় অংশ নিয়েছে ৬১ হাজার ৯৭৬ জন।

বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে এ বছরের এইচএসসি পরীক্ষা।

পীযুষ বলেন, এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি জেলায় মোট ৯২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৫০৬ জন, কক্সবাজারে ৭৮, খাগড়াছড়িতে ৪৬, রাঙামটিতে ৪০ এবং বান্দরবানে ১৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া কোথাও কোন বহিস্কারের ঘটনা ঘটেনি বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ।

কারাগারে ১০ জনের পরীক্ষা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবছর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক ১০জন শিক্ষার্থী  এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

এর মধ্যে গত রোববার নগরীর চকবাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার কাজী মাহমুদুর রহমান রায়হান ও উল্লাস দাশও রয়েছে।

এছাড়া অন্য আটজন চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নাশকতার ঘটনায় গ্রেপ্তার হন।